নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য মোট ৩৭টি বাসভবন প্রস্তুত করা হয়েছে। এমনটাই জানিয়েছেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর বাসভবনের বিষয়ে বিএনপির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। উনারা যেভাবে চান, সেভাবে ব্যবস্থা করা হবে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে নতুন মন্ত্রীদের বাসভবন সংক্রান্ত ব্রিফিংয়ে গণপূর্ত উপদেষ্টা জানান, এই বাসভবনগুলো মিন্টু রোড, ধানমন্ডি এবং গুলশান এলাকায় প্রস্তুত করা হয়েছে। প্রয়োজনে আরও কিছু বাড়ি তৈরি করার কাজও চলছে। শপথের দিন নাগাদ সব বাড়ি ব্যবহার উপযোগী হয়ে যাবে।
আদিলুর রহমান খান বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এ সরকার দায়িত্ব নিয়েছিল। ১৮ মাস জনগণের স্বার্থে কাজ করার চেষ্টা করেছি। গত সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদী শাসন থেকে দেশকে একটি নতুন গতির মধ্যে নিয়ে আসার চেষ্টা করেছি। জনগণের কাছে দায়বদ্ধ থাকার চেষ্টা করেছি আমাদের কাজের জন্য।
দুর্নীতি সংক্রান্ত টিআইবি রিপোর্ট বিষয়ে তিনি বলেন, টিআইবির রিপোর্ট এবং জনগণের আলোচনা সবসময় এক জায়গায় যায় না। ফ্যাসিবাদবিরোধী সংগ্রামের সময় যারা রাস্তায় ছিলেন, তাদের সঙ্গে কথা বললে হয়তো চিত্র আলাদা হবে। অনেক জায়গায় সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে, কিছু কিছু জায়গায় তা এখনও সম্পন্ন হয়নি, আশা করি শিগগির তা সম্পন্ন হবে।