শপথের আগে বাসভবন চূড়ান্ত, যমুনায় উঠছেন নতুন প্রধানমন্ত্রী

Posted by

বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনের মাধ্যমে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির চেয়ারম্যান তারেক রহমান নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ নিতে যাচ্ছেন।

নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই নতুন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন নির্ধারণ নিয়ে আলোচনা শুরু হয়। অন্তর্বর্তী সরকার সম্ভাব্য কয়েকটি স্থান পরিদর্শন ও প্রাথমিকভাবে নির্ধারণ করলেও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা-কেই প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যমুনায় অবস্থান করছেন। তিনি ভবনটি ছেড়ে দেওয়ার পর প্রয়োজনীয় সংস্কার ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে এটিকে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে প্রস্তুত করা হবে।

এর আগে, গণভবন-কে জাদুঘরে রূপান্তরের সিদ্ধান্ত নেওয়ার পর নতুন প্রধানমন্ত্রীর জন্য বিকল্প বাসভবন নির্ধারণে একটি পৃথক কমিটি গঠন করা হয়। কমিটি রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় অবস্থিত জাতীয় সংসদ ভবন সংলগ্ন স্পিকার ও ডেপুটি স্পিকারের সরকারি বাসভবন এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় এলাকা পর্যালোচনা করে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচিত সরকারের ওপরই ছেড়ে দেয় উপদেষ্টা পরিষদ।

এদিকে, নতুন সরকার গঠন ও প্রধানমন্ত্রীর শপথ গ্রহণকে কেন্দ্র করে প্রশাসনিক প্রস্তুতি জোরদার করা হয়েছে। রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে ব্যাপক প্রত্যাশা ও আলোচনা। দেশের জনগণ এখন তাকিয়ে আছে নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রার দিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *