পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

Posted by

পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশের মানুষসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই বার্তা জানানো হয়।

এক বাণীতে তিনি বলেন, রমজান মাস আত্মসংযম, ত্যাগ, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মাস। এই মহিমান্বিত মাসে সিয়াম, দান-সদকা ও ইবাদতের মাধ্যমে আত্মশুদ্ধি অর্জনের পাশাপাশি সকলের মধ্যে পারস্পরিক সহমর্মিতা ও সম্প্রীতি বাড়ে এবং মহান আল্লাহর সন্তুষ্টি, নৈকট্য ও ক্ষমা লাভের সুযোগ তৈরি হয়।

ড. ইউনূস আরও বলেন, পবিত্র মাহে রমজান আমাদের ব্যক্তি ও জাতীর জীবনে অন্যায়, দুর্নীতি ও অবিচার পরিহার করে ন্যায় ও কল্যাণভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অনুপ্রেরণা দেয়। এটি সত্যনিষ্ঠা, ন্যায়পরায়ণতা, সততা ও পারস্পরিক সহমর্মিতা চর্চার মাধ্যমে নৈতিকতা ও মানবিকতার শিক্ষা দেয় এবং দরিদ্র ও বঞ্চিত মানুষের প্রতি দায়িত্ববোধ জাগ্রত করে।

তিনি দেশবাসীসহ মুসলিম উম্মাহকে আহ্বান জানিয়ে বলেন, আসুন আমরা রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে ভোগ বিলাস, হিংসা ও বিদ্বেষ পরিহার করি, বেশি বেশি ইবাদত, কোরআন তেলাওয়াত, দোয়া, তওবা ও সৎকর্মে মনোনিবেশ করি। মহান আল্লাহ আমাদের রোজা, নামাজ, দান-সদকা ও সকল নেক আমল কবুল করুন এবং আমাদের জীবন ও সমাজে মাহে রমজানের শিক্ষা কার্যকর করার তাওফিক দিন। আল্লাহ আমাদের সকলকে ক্ষমা ও হেফাজত করুন এবং দেশ ও জাতিকে শান্তি ও সমৃদ্ধি দান করুন। আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *