মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলকে কেন্দ্র করে বিভিন্ন মাধ্যমে অপতথ্য ও অনুমাননির্ভর বক্তব্য ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে সংশ্লিষ্ট সকলকে বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার।
রোববার (১৫ ফেব্রুয়ারি) অন্তর্বর্তী সরকারের প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ আহ্বান জানানো হয়।
বার্তায় বলা হয়, মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের বিষয়টি নিয়ে বিভিন্ন মাধ্যমে নানা ধরনের অপতথ্য প্রচারিত হচ্ছে, যা অনাকাঙ্ক্ষিত।
প্রেস উইং জানায়, ব্যক্তিগত কারণে তিনি নির্বাচনের কিছুদিন আগেই প্রধান উপদেষ্টার কাছে দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন করেন। তবে নির্বাচন ঘনিয়ে আসায় মাঠ প্রশাসনের শৃঙ্খলা ও কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে প্রধান উপদেষ্টার অনুরোধে তিনি নির্বাচনকাল পর্যন্ত দায়িত্ব পালন করতে সম্মত হন।
এ প্রেক্ষিতে বিষয়টি নিয়ে অহেতুক অনুমাননির্ভর তথ্য বা বিভ্রান্তিকর বক্তব্য প্রচার না করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
এর আগে, শনিবার (১৪ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ড. শেখ আব্দুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের তথ্য জানানো হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলীর সই করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৮ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে (পরিচিতি নং-১৫৩০) তাকে মন্ত্রিপরিষদ সচিব পদে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছিল; ওই নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।







Leave a Reply