ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর দীর্ঘ দুই দশক পর চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। অন্যদিকে, প্রথমবারের মতো বিরোধী দলের আসনে বসে ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এদিকে, নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পড়াবেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বে রয়েছেন আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া মো. সাহাবুদ্দিন।
মন্ত্রিপরিষদ সচিব জানান, নতুন মন্ত্রিসভার শপথের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ প্রস্তুত আছে। শপথ অনুষ্ঠানের জন্য কম-বেশি এক হাজার অতিথিকে দাওয়াত দেওয়া হবে।
তিনি আরও জানান, জাতীয় সংসদের ২৯৭ জন নির্বাচিত সংসদ সদস্যের নাম গেজেট প্রকাশিত হয়েছে। আইন অনুযায়ী, তারা আগামী ১৫, ১৬ ও ১৭ ফেব্রুয়ারি শপথ গ্রহণ করবেন। নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ নেওয়ার সুবিধাজনক সময় পরে নির্ধারিত হবে। আশা করা যাচ্ছে, শপথ আগামী তিন-চার দিনের মধ্যে সম্পন্ন হবে।