রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

প্রধান উপদেষ্টা নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির সাফল্যকে স্বাগত জানালেন

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অসাধারণ সাফল্য অর্জন করার জন্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলামকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

শনিবার  (১৪ ফেব্রুয়ারি) এক বার্তায় প্রফেসর ইউনূস বলেন, নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি যে সাহস, দৃঢ়তা ও আত্মবিশ্বাসের সঙ্গে নির্বাচনে অংশগ্রহণ করেছে, তা বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত হবে।

তিনি বলেন, মাত্র এক বছর আগে চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপটে জন্ম নেওয়া একটি নবীন রাজনৈতিক দল হিসেবে ত্রিশটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা, তার মধ্যে ছয়টিতে বিজয় অর্জন করা এবং আরও কয়েকটি আসনে সম্মানজনক প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা—এ এক অসাধারণ অর্জন। এটি কেবল নির্বাচনী ফলাফলের দিক থেকে নয়, তরুণ প্রজন্মের আত্মবিশ্বাস, স্বপ্ন ও গণতান্ত্রিক চেতনার প্রকাশ হিসেবে তা গুরুত্বপূর্ণ।

প্রফেসর ইউনূস আরও বলেন, চব্বিশের সেই উত্তাল দিনগুলোর স্মৃতি এখনও অম্লান। আপনার নেতৃত্ব, সাহসিকতা ও অদম্য মনোবল আন্দোলনকে সুশৃঙ্খল ও লক্ষ্যভিমুখী করেছে। আপনার সহযোদ্ধাদের আত্মত্যাগ জাতির হৃদয়ে গভীর কৃতজ্ঞতা জাগিয়েছে। আমি ব্যক্তিগতভাবে এবং জাতির পক্ষ থেকে সকলের প্রতি শ্রদ্ধা জানাই।

তিনি নাহিদ ইসলামকে উপদেষ্টা পরিষদে সহকর্মী হিসেবে পাওয়া অভিজ্ঞতাকেও মূল্যবান হিসেবে উল্লেখ করে বলেন, সেই সময়ে আপনার কর্মদক্ষতা, বিষয়ভিত্তিক গভীরতা, নীতিগত দৃঢ়তা এবং প্রশাসনিক প্রক্রিয়া বোঝার আগ্রহ আমাকে মুগ্ধ করেছে।

প্রফেসর ইউনূস উল্লেখ করেন, গণতন্ত্র তখনই বিকশিত হয়, যখন নতুন কণ্ঠস্বর উঠে আসে, নতুন ধারণা স্থান পায় এবং প্রজন্মান্তরের সেতুবন্ধন তৈরি হয়। আপনার দলের অল্প সময়ের এই সাফল্য প্রমাণ করে, বাংলাদেশের জনগণ, বিশেষত তরুণ সমাজ, নীতিনিষ্ঠ ও আদর্শভিত্তিক রাজনীতির প্রতি আস্থা রাখতে প্রস্তুত। এই আস্থা রক্ষা করা এখন আপনার দলের বড় দায়িত্ব।

তিনি আশা প্রকাশ করেন, সংসদে অর্জিত প্রতিনিধিত্বের মাধ্যমে এনসিপি জনগণের আশা-আকাঙ্ক্ষা, বিশেষ করে তরুণদের স্বপ্ন ও প্রত্যাশা তুলে ধরবে এবং গঠনমূলক, যুক্তিনিষ্ঠ ও দায়িত্বশীল রাজনৈতিক চর্চার মাধ্যমে দেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে।

প্রফেসর ইউনূসের মতে, আজকের এই অর্জন আগামী দিনের আরও বড় দায়িত্বের পূর্বাভাস। সংগ্রামের পথ থেকে রাজনীতির মূলধারায় প্রবেশ—এই রূপান্তর যেন আদর্শ ও মূল্যবোধকে অক্ষুণ্ণ রাখে, সেটিই আমাদের প্রত্যাশা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com