ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজ কেন্দ্রে তিনি ভোট দেন।
ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলে সেনাপ্রধান দিনটিকে জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তিনি বলেন, সারা দেশে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে—এ দৃশ্য অত্যন্ত আশাব্যঞ্জক। দেশবাসীর উদ্দেশে তিনি আহ্বান জানান, যেন সবাই নির্ভয়ে নিজ নিজ কেন্দ্রগুলোতে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, বর্তমানে একটি অনুকূল পরিস্থিতি বিরাজ করছে এবং আশা করা যাচ্ছে যে, ইনশাআল্লাহ একটি সুষ্ঠু ও সফল নির্বাচন সম্পন্ন করা সম্ভব হবে।
এ সময় সংবাদমাধ্যমের ভূমিকাও প্রশংসা করেন সেনাপ্রধান। তিনি বলেন, গণমাধ্যমকর্মীরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তাদের মাধ্যমে দেশের প্রকৃত পরিস্থিতি জনগণের সামনে তুলে ধরা হচ্ছে, যা সাধারণ মানুষকে আশ্বস্ত করছে এবং ভোটদানে উৎসাহিত করছে।
বক্তব্যের শেষে তিনি দেশের শান্তি, স্থিতিশীলতা ও সকল নাগরিকের মঙ্গল কামনা করেন।







Leave a Reply