চলমান জাতীয় সংসদ নির্বাচনকে “চমৎকার” বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার এসএম সাজ্জাত আলী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে মোহাম্মদ প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
ডিএমপি কমিশনার বলেন, সারা দেশে অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তিনি উল্লেখ করেন, প্রধান উপদেষ্টা একটি ঐতিহাসিক নির্বাচন উপহার দেওয়ার কথা বলেছিলেন এবং বাস্তবতাতেও সেটির প্রতিফলন দেখা যাচ্ছে।
এক প্রশ্নের জবাবে সম্ভাব্য সহিংসতা নিয়ে তিনি বলেন, ভোট নিয়ে কোনো শঙ্কা নেই। ফলাফল-পরবর্তী পরিস্থিতি সম্পর্কেও বড় রাজনৈতিক দলগুলো ফল যাই হোক তা মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানান তিনি। সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত হওয়ায় সহিংসতার আশঙ্কা দেখছেন না বলেও মন্তব্য করেন ডিএমপি কমিশনার।
গুজব প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন ঘিরে আগেই নানা ধরনের অপপ্রচার ছড়ানো হয়েছিল—কেউ বলেছিল ভোট হবে না, কেউ বলেছিল সহিংসতা হবে। তবে বাস্তবে শান্তিপূর্ণ ও উৎসবের আমেজে ভোটগ্রহণ চলছে।
এ সময় ২০১৮ সালের নির্বাচনের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন এসএম সাজ্জাত আলী। তিনি বলেন, ২৫ বছরের বেশি সময় ধরে তিনি মোহাম্মদপুরে বসবাস করছেন এবং ২০১৮ সালের নির্বাচনেও ভোট দিতে এসেছিলেন। তখন কেন্দ্রে প্রবেশের সময় তাকে জানানো হয়েছিল যে তার ভোট ইতোমধ্যে দেওয়া হয়ে গেছে।







Leave a Reply