নতুন বাংলাদেশের প্রত্যয়ে ভোট দিলেন প্রধান উপদেষ্টা

Posted by

দেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হলো আজ। প্রথমবারের মতো একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে। নির্ধারিত সময় সকাল সাড়ে ৭টায় সারা দেশে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। রাজধানী ঢাকাসহ বিভাগীয় ও জেলা শহরগুলোতে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার কিছু পর রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদবিষয়ক গণভোটে অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তিনি সেখানে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. ইউনূস দিনটিকে তাৎপর্যপূর্ণ উল্লেখ করে বলেন, আজকের এই আয়োজন নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এনে দিয়েছে। তিনি ভোটারদের সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটেও অংশ নেওয়ার আহ্বান জানান। তাঁর ভাষায়, এটি দেশের জন্য আনন্দ ও মুক্তির দিন; অতীতের দুঃস্বপ্ন পেছনে ফেলে নতুন স্বপ্ন দেখার সূচনা। সবাইকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, এই দিনটি উৎসবের মতো উদযাপন করা উচিত।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন। এবারের নির্বাচনে আসন সংখ্যা ২৯৯টি; একটি আসনে প্রার্থীর মৃত্যুজনিত কারণে ভোটগ্রহণ স্থগিত রয়েছে। নির্বাচনে অংশ নিয়েছে ৫১টি নিবন্ধিত রাজনৈতিক দল।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়া রাজনৈতিক দল আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় তারা এবারের নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *