আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের মধ্যে ৫ লাখ ১২ হাজার ৯১৬ জন ভোটদান সম্পন্ন করেছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ওসিভি-এসডিআই প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানান।
তিনি বলেন, সকাল ১০টা পর্যন্ত প্রবাসীদের কাছে ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ২৮ হাজার ২৩৩ জন ব্যালট গ্রহণ করেন এবং ৫ লাখ ২ হাজার ৪৮৭ জন নিজ নিজ দেশের পোস্ট অফিসে ব্যালট জমা দিয়েছেন। এ পর্যন্ত ৪ লাখ ৭১ হাজার ৯৫৭টি পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে, যার মধ্যে ৪ লাখ ১৯ হাজার ৯১৯টি ব্যালট রিটার্নিং কর্মকর্তারা গ্রহণ করেছেন।
এদিকে দেশের অভ্যন্তরে অবস্থানরত (আইসিপিভি) ভোটারদের জন্যও পোস্টাল ব্যালট পাঠানো শুরু হয়েছে। এখন পর্যন্ত ৭ লাখ ৬০ হাজার ৮৯৮ জন নিবন্ধিত ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ৮০ হাজার ৮৪১ জন ব্যালট গ্রহণ করেছেন এবং ৫ লাখ ৩৪ হাজার ৩৭৬ জন ভোট দিয়েছেন। রিটার্নিং কর্মকর্তারা পেয়েছেন ৩ লাখ ১০ হাজার ১৫৪টি ব্যালট।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দেশে ও প্রবাসে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন।