দুর্নীতিতে বিশ্বের ১৩তম অবস্থানে বাংলাদেশ, স্কোর ২৪

Posted by

বিশ্বের দুর্নীতিপ্রবণ দেশগুলোর তালিকায় বাংলাদেশ এবার ১৩তম স্থানে উঠে এসেছে। দুর্নীতির ধারণাসূচকে (সিপিআই) ১৮২টি দেশের মধ্যে বাংলাদেশ ১০০-এর মধ্যে ২৪ স্কোর পেয়েছে, যার ফলে উচ্চক্রম বিবেচনায় দেশের অবস্থান দাঁড়িয়েছে ১৫০তম। গত বছর একই সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১৪তম।

বার্লিনভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) প্রকাশিত দুর্নীতির ধারণাসূচক (করাপশন পারসেপশনস ইনডেক্স—সিপিআই) ২০২৫ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) তাদের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিবেদনটি প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়, এ বছর ৮৯ স্কোর নিয়ে বিশ্বের কম দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে রয়েছে ডেনমার্ক। অপরদিকে মাত্র ৯ স্কোর নিয়ে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে রয়েছে দক্ষিণ সুদান ও সোমালিয়া। কোনো দেশই এবার শতভাগ স্কোর অর্জন করতে পারেনি।

টিআইবি জানায়, বাংলাদেশের স্কোর এ বছর এক পয়েন্ট বেড়েছে। তাদের মতে, জুলাই অভ্যুত্থানের পর গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক সুশাসনের সম্ভাবনা তৈরি হওয়ায় এই সামান্য স্কোর বৃদ্ধির প্রভাব দেখা গেছে। তবে রাষ্ট্রসংস্কার প্রক্রিয়ার পরবর্তী বাস্তবতার প্রতিফলন সংশ্লিষ্ট তথ্যসূত্রের সময়সীমার মধ্যে না পড়ায়, তার প্রভাব সূচকে প্রতিফলিত হয়নি।

সংস্থাটি আরও জানায়, রাষ্ট্রসংস্কার প্রক্রিয়ায় কার্যকর অগ্রগতি না হওয়ায় বাস্তবে বাংলাদেশের স্কোর ও অবস্থানে উল্লেখযোগ্য কোনো ইতিবাচক পরিবর্তন ঘটেনি।

প্রতিবেদনে বৈশ্বিক চিত্র তুলে ধরে বলা হয়, বর্তমানে বিশ্বের প্রায় ৮০ শতাংশ মানুষ বেশি দুর্নীতিগ্রস্ত দেশে বসবাস করছে। বিশ্বব্যাপী দুর্নীতির মাত্রা ক্রমেই বাড়ছে। এমনকি যেসব দেশ গণতন্ত্র ও সুশাসনের কথা বলে, সেসব দেশেও দুর্নীতির প্রবণতা ঊর্ধ্বমুখী।

টিআইবি মনে করে, দুর্নীতি নিয়ন্ত্রণ ও সূচকে বাস্তব উন্নতি আনতে হলে রাষ্ট্রসংস্কার, জবাবদিহি এবং গণতান্ত্রিক শাসনব্যবস্থায় কার্যকর অগ্রগতি জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *