পোস্টাল ব্যালটের ফল প্রকাশে কিছুটা সময় লাগতে পারে: ইসি সচিব

Posted by

পোস্টাল ব্যালট গণনার কারণে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল প্রকাশে কিছুটা বিলম্ব হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তবে কোনো অবস্থাতেই ফল প্রকাশ দীর্ঘায়িত হবে না বলে আশ্বস্ত করেন তিনি।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে নির্বাচন কমিশন ও তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত মিডিয়া সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ইসি সচিব বলেন, পোস্টাল ব্যালট ব্যবস্থার কারণে এবার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আলাদা একটি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে, যা অতীতে ছিল না। তিনি জানান, “ব্যালট পেপারের কাঠামোগত বৈশিষ্ট্যের কারণে পোস্টাল ব্যালট দ্বিতীয়বার বা একাধিকবার যাচাই করতে হয়। সে কারণে অন্যান্য ভোটকেন্দ্রের তুলনায় এর ফল প্রকাশে কিছুটা বেশি সময় লাগতে পারে। তবে আমরা বিষয়টি সামাল দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি।”

তিনি আরও বলেন, পোস্টাল ব্যালটসহ প্রতিটি ধাপের ফলাফল পর্যায়ক্রমে প্রকাশ করা হবে। আমরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। নির্বাচনে কে বিজয়ী হলেন, কে পরাজিত হলেন এবং কে কত ভোট পেলেন—সঠিক তথ্যটাই আমরা জনগণের কাছে পৌঁছে দিতে চাই।

নির্বাচনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, আর মাত্র ৪৩ ঘণ্টা পরই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে ভোটাররা দুটি ব্যালটে ভোট দেবেন—একটি আগামী পাঁচ বছরের সরকার নির্ধারণের জন্য এবং অন্যটি আগামী শতাব্দীর জন্য বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক কাঠামোর রূপরেখা নির্ধারণে। “দুটি ভোটই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একে অপরের পরিপূরক। এই দুই ধরনের ভোট একসঙ্গে পরিচালনা করা ছিল বড় ধরনের চ্যালেঞ্জ, তবে আমরা তা সফলভাবে মোকাবিলা করেছি,” বলেন তিনি।

ইসি সচিব জানান, কোনো প্রার্থী মৃত্যুবরণ করায় স্থগিত হওয়া একটি আসন ছাড়া বাকি ২৯৯টি আসনে ব্যালট পেপারসহ নির্বাচনের সব উপকরণ ইতোমধ্যে পৌঁছে দেওয়া হয়েছে। এর মাধ্যমে ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে ।

“এখন কেবল মাহেন্দ্রক্ষণের অপেক্ষা,”—বলেন ইসি সচিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *