স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির কোনো শঙ্কা নেই। তিনি আশ্বস্ত করেছেন যে, নির্বাচন হবে শান্তিপূর্ণ, সুষ্ঠু এবং উৎসবমুখর পরিবেশে।
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে নির্বাচন ও গণভোট নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “ভোট কারচুপির কোনো ধরনের শঙ্কা নেই। কোথাও যদি কোনো রকম কারচুপি ঘটে, আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব। এই নির্বাচন হবে ক্রেডিবল, ফ্রি ও ফেয়ার।”
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, স্বল্প সময়ে আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন ও নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “যে জায়গায় যেভাবে ব্যবস্থা নেওয়া দরকার, সেই প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচনে কোনো কারচুপির সুযোগ নেই।”
এছাড়া,সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম, রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলী, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানসহ আইনশৃঙ্খলা, প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।