প্রবাসী ভোটারদের মধ্যে পাঁচ লাখের বেশি ভোট প্রয়োগ সম্পন্ন

Posted by

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পোস্টাল ভোট ব্যবস্থায় প্রবাসী ও দেশের অভ্যন্তরীণ ভোটারদের অংশগ্রহণ উল্লেখযোগ্য হারে বাড়ছে। ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা প্রবাসী ভোটারদের পাঠানো চার লাখ ২৮ হাজার ৮২৮টি পোস্টাল ব্যালট এরইমধ্যে দেশে এসে পৌঁছেছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে প্রবাসী ভোটার নিবন্ধনবিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানান।

তিনি জানান, বেলা ১১টা পর্যন্ত মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা প্রবাসী ভোটারদের মধ্যে সাত লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট বিদেশে পাঠানো হয়েছে। এর মধ্যে পাঁচ লাখ ২৭ হাজার ৪৫০ জন প্রবাসী ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন। ভোট প্রদান সম্পন্ন করেছেন পাঁচ লাখ ৩ হাজার ৪৪১ জন।

এ ছাড়া, চার লাখ ৮৪ হাজার ৭৬৫ জন প্রবাসী ভোটার নিজ নিজ দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে তাদের ব্যালট জমা দিয়েছেন। এর মধ্য থেকে তিন লাখ ১৮ হাজার ১২৫টি ব্যালট ইতোমধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছেছে।

এদিকে, বিদেশের পাশাপাশি দেশের অভ্যন্তরে অবস্থানরত ভোটারদের জন্যও (আইসিপিভি) পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। সারা দেশে সাত লাখ ৬০ হাজার ৮৯৮ জন নিবন্ধিত অভ্যন্তরীণ ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়েছে।

এর মধ্যে চার লাখ ৪৩ হাজার ৫৪২ জন ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন এবং তিন লাখ ৮৮ হাজার ৮৯৮ জন ভোটার ভোট প্রদান সম্পন্ন করেছেন। তিন লাখ ৪৪ হাজার ৮২৬ জন ভোটার পোস্ট অফিস বা ডাক বাক্সে তাদের ব্যালট জমা দিয়েছেন। রিটার্নিং কর্মকর্তারা এ পর্যন্ত এক লাখ ৫২ হাজার ৭৭টি ব্যালট গ্রহণ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *