ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশজুড়ে বাড়ানো হলো নিরাপত্তা ব্যবস্থা

Posted by

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে এ বিশেষ নিরাপত্তা কার্যক্রম কার্যকর হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীসহ বিভিন্ন বাহিনীর পর্যাপ্ত সদস্যের পাশাপাশি মাঠে নামানো হয়েছে ১ হাজার ৫১ জন নির্বাহী (এক্সিকিউটিভ) ম্যাজিস্ট্রেট। তাঁরা নির্বাচনী পরিবেশ নিয়ন্ত্রণ ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে দায়িত্ব পালন করবেন।

নির্বাচন কমিশন (ইসি) সূত্র জানায়, এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বহাল থাকবে। ভোটের আগে ও পরে মোট সাতদিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে সক্রিয় থাকবে।

এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ শনিবার এক ব্রিফিংয়ে বলেন, সেনাবাহিনী ইতোমধ্যে মাঠে রয়েছে। রোববার থেকে আরও সক্রিয়ভাবে তারা দায়িত্ব পালন শুরু করবে। নির্বাচন কমিশনের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক বৈঠক হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে এবং নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ বিদ্যমান।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *