আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে যুক্তরাজ্য ভ্রমণের ক্ষেত্রে পাসপোর্টে ভিসা স্টিকারের পরিবর্তে ই-ভিসা চালু করা হচ্ছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) এক বার্তায় এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্য হাইকমিশন।
বার্তায় বলা হয়, যুক্তরাজ্যের অভিবাসন ব্যবস্থা ধাপে ধাপে সম্পূর্ণ ডিজিটাল ব্যবস্থায় রূপান্তর করা হচ্ছে। এর অংশ হিসেবে ২৫ ফেব্রুয়ারি থেকে যেসব ভ্রমণকারীর যুক্তরাজ্যে যেতে ভিসা প্রয়োজন হবে, তারা কেবল ই-ভিসা পাবেন। ফলে পাসপোর্টে আর ভিসা স্টিকার দেওয়া হবে না।
হাইকমিশন জানায়, ই-ভিসা একটি ডিজিটাল ভিসা, যা অনলাইনে সংরক্ষিত থাকবে এবং যাত্রা ও অভিবাসন প্রক্রিয়াকে আরও সহজ ও নিরাপদ করবে।
ই-ভিসা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে www.gov.uk/eVisa ওয়েবসাইট ভিজিট করার আহ্বান জানিয়েছে হাইকমিশন।