আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নারী পুরুষ উভয় প্রতিবন্ধীদের জন্য ভোট প্রদানে নির্বাচন কমিশনকে বিশেষ সুরক্ষা সুবিধা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এ লক্ষে ডিজ্যাবিলিটি রাইটস ওয়াচ বলেন, দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য পরিবারের সদস্যদের পাশে থাকা, শারীরিক প্রতিবন্ধীদের জন্য নিজেদের বা পাবলিক পরিবহন (গাড়ি) ব্যবহারের সুযোগ এবং শারীরিক প্রতিবন্ধীদের জন্য কেন্দ্রের নীচতলায় আলাদা বুথের ব্যবস্থা করতে হবে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মাইডাস সেন্টারে টিআইবির সংবাদ সম্মেলনে এই দাবি তুলে ধরা হয়।
প্রতিবন্ধী নাগরিকদের বিভিন্ন অসুবিধার কথা তুলে ধরে বক্তারা জানান, অতীতের কোনো সরকারই এই বিষয়ে নজর দেয়নি। বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) কাছে বারবার দাবি জানানোর পরও উদ্যোগ নেয়া হয়নি বলে অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হলে প্রতিবন্ধী ভোটারদেরও ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে হবে। নতুন সরকারে যারা আসবেন, তারা যেন প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করতে কর্মপরিকল্পনা হাতে নেন।