আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরপেক্ষতা নিয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে কঠোর সতর্কবার্তা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, নির্বাচনকালে কোনো সদস্য ব্যক্তি, দল বা রাজনৈতিক উদ্দেশ্যের সঙ্গে যুক্ত হলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্ট গার্ডের সদর দপ্তরে আয়োজিত কোস্ট গার্ড পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সারা দেশে প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশ কোস্ট গার্ডের ৩ হাজার ৫৮৫ জন সদস্য দায়িত্ব পালন করছেন। নির্বাচন নিরাপত্তার অংশ হিসেবে বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগের বিভিন্ন জেলায় ইতোমধ্যে ১০০টি প্লাটুন মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।
কোস্ট গার্ডের কার্যক্রমের প্রশংসা করে উপদেষ্টা বলেন, উপকূলীয় অঞ্চল ও অভ্যন্তরীণ নৌপথে নিরাপত্তা নিশ্চিতকরণে বাহিনীটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অবৈধ মৎস্য আহরণ রোধ, অস্ত্র ও মাদক চোরাচালান প্রতিরোধ, মানবপাচার দমন, ডাকাতি ও জলদস্যুতা মোকাবিলায় কোস্ট গার্ড সদস্যরা সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি নিয়মিত টহলের মাধ্যমে দুর্ঘটনাকবলিত নৌযান ও নাবিকদের উদ্ধার কার্যক্রমও সফলভাবে পরিচালনা করছে বাহিনীটি।
অনুষ্ঠানে দায়িত্ব পালনে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ৪০ জন কোস্ট গার্ড সদস্যকে পদক প্রদান করা হয়।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হকসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।