বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩ Time View

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকসহ আটজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সোমবার (২ ফেব্রুয়ারি) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া অন্যরা হলেন— রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল হুদা, সদস্য (অর্থ ও এস্টেট) আ ই ম গোলাম কিবরিয়া, সদস্য মো. আবু বক্কার সিকদার, সদস্য (পরিকল্পনা) মো. আনোয়ারুল ইসলাম সিকদার, সদস্য (এস্টেট) আখতার হোসেন ভূঁইয়া, সাবেক যুগ্ম সচিব ও সদস্য (উন্নয়ন) এম মাহবুবুল আলম এবং সদস্য (প্রশাসন ও ভূমি) নাজমুল হাই।

এদিন দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন।

এর আগে, গত বছরের ৬ আগস্ট মিথ্যা তথ্য দিয়ে ১০ কাঠার প্লট নেওয়ার অভিযোগে এ বি এম খায়রুল হকসহ আটজনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলার অভিযোগে বলা হয়েছে, সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক প্লট বরাদ্দের শর্ত ভঙ্গ করে নিজের ক্ষমতার অপব্যবহার করেন। রাজউকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রত্যক্ষ সহায়তায় সুদ মওকুফের কোনো বিধান না থাকা সত্ত্বেও তিনি সাময়িক বরাদ্দপত্রের শর্ত লঙ্ঘন করেন।

অভিযোগে আরও বলা হয়, খায়রুল হক নির্ধারিত সময়ের মধ্যে সুদসহ কিস্তির টাকা পরিশোধ না করে অবসরের পর, অর্থাৎ বরাদ্দ পাওয়ার প্রায় পাঁচ বছর পর সুদবিহীনভাবে টাকা জমা দেন। এতে রাজউকের প্রচলিত নীতিমালা ভঙ্গ করে বিশেষ সুবিধা গ্রহণের মাধ্যমে তিনি সুদ বাবদ ৪ লাখ ৭৪ হাজার ২৪০ টাকা পরিশোধ না করে সরকারের আর্থিক ক্ষতিসাধন ও আত্মসাৎ করেন, যা শাস্তিযোগ্য অপরাধ বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com