আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা প্রবাসী ভোটারদের পাঠানো ১ লাখ ৯৪ হাজার ৯১৪টি পোস্টাল ব্যালট ইতোমধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানান।
তিনি বলেন, সোমবার বেলা ১১টা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা প্রবাসী ভোটারদের কাছে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি পোস্টাল ব্যালট পৌঁছেছে। এর মধ্যে ৫ লাখ ২২ হাজার ৩১৫ জন প্রবাসী ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন।
সালীম আহমাদ খান জানান, এ পর্যন্ত ৪ লাখ ৬৪ হাজার ২২৫ জন প্রবাসী ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদান সম্পন্ন করেছেন। এর মধ্যে ৪ লাখ ১৮ হাজার ৯৬২ জন ভোটার সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে তাদের ব্যালট জমা দিয়েছেন।
এদিকে, বাংলাদেশ ডাক বিভাগ (বিডি পোস্ট) কর্তৃক ১ হাজার ৮৫৯টি ব্যালট ইতোমধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
বিদেশে অবস্থানরত ভোটারদের পাশাপাশি দেশের অভ্যন্তরে অবস্থানরত ভোটারদের জন্যও (আইসিপিভি) পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির তথ্য অনুযায়ী, সোমবার বেলা ১১টা পর্যন্ত দেশের ভেতরে ৫৮ হাজার ৭৯৭ জন ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন।
এর মধ্যে ৪৩ হাজার ৩১৯ জন ভোটার ভোটদান সম্পন্ন করেছেন এবং ২৯ হাজার ৩৩৪ জন ভোটার তাদের ব্যালট পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন।
সালীম আহমাদ খান আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে দেশে ও প্রবাসে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন।