কয়েক দিনের কনকনে শীতের দাপট কিছুটা কমেছে এবং দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা সামান্য ঊর্ধ্বমুখী হয়েছে। তবে এখনো অনেক এলাকায় গভীর রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশার আচ্ছাদন লক্ষ্য করা যাচ্ছে। এ অবস্থায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করছে প্রায় ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি ফেব্রুয়ারি মাসে তাপমাত্রা আবারও ৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে আসতে পারে। একই সঙ্গে এ মাসে বজ্রপাত ও শিলাবৃষ্টিরও আশঙ্কা রয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি) প্রকাশিত ফেব্রুয়ারি মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে সংস্থাটি জানিয়েছে, এ মাসে বঙ্গোপসাগর এলাকায় কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা নেই।
পূর্বাভাসে বলা হয়েছে, ফেব্রুয়ারির প্রথমার্ধে দেশের উত্তর, পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলে একটি মৃদু শৈত্যপ্রবাহ (৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যেতে পারে। এ সময় দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।
এদিকে মাসের শেষের দিকে অন্তত দুই দিন দেশের কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি অথবা শিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে পুরো মাসজুড়ে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাবে এবং দিন-রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে।
এ ছাড়া চলতি ফেব্রুয়ারি মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, ফেব্রুয়ারিতে দেশের প্রধান নদীগুলোতে স্বাভাবিক পানি প্রবাহ বিরাজমান থাকতে পারে। একই সঙ্গে এ মাসে দেশের দৈনিক গড় বাষ্পীভবন ২ থেকে ৪ মিলিমিটার এবং গড় সূর্যকিরণকাল ৬ থেকে ৮ ঘণ্টা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।