আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনকারী প্রবাসীরা তাদের ব্যালট বাংলাদেশে পাঠাতে শুরু করেছেন। এ পর্যন্ত দেশে ১ লাখ ৫৭ হাজার ৭৯৮ প্রবাসীর ব্যালট পৌঁছেছে।
রোববার (১ ফেব্রুয়ারি) প্রবাসী ভোটার নিবন্ধনবিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বেলা ১১টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারীদের কাছে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পৌঁছেছে। এর মধ্যে ৫ লাখ ২০ হাজার ৫০১ প্রবাসী তাদের ব্যালট গ্রহণ করেছেন এবং ৪ লাখ ৬১ হাজার ৬০৪ জন ভোটদান সম্পন্ন করেছেন। এছাড়া ৪ লাখ ১৫ হাজার ৭৬২ জন প্রবাসী তাদের ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন।
অপরদিকে, দেশের অভ্যন্তরেও (আইসিপিভি) অবস্থানরত ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। দেশের বিভিন্ন অঞ্চলে ৫ লাখ ৮০ হাজার ৯৬৮ জন নিবন্ধিত ভোটারের ঠিকানায় ব্যালট পৌঁছেছে। রোববার বেলা ১১টা পর্যন্ত ২৪ হাজার ৯১ জন ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন, এর মধ্যে ১৭ হাজার ৫৩ জন ভোট দিয়েছেন। এছাড়া ৯ হাজার ৮৪৩ জন ভোটার তাদের ব্যালট পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন।