ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটগ্রহণের জন্য পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে দেশের অভ্যন্তরে (আইসিপিভি) নিবন্ধনকারী সারা দেশের ৫ লাখ ১৮ হাজার ৬০৩ জন ভোটারের কাছে ব্যালট প্রেরণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার (৩১ জানুয়ারি) প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানান।
তিনি বলেন, শনিবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে দেশের অভ্যন্তরে অবস্থানরত ৫ লাখ ১৮ হাজার ৬০৩ জন ভোটারের কাছে ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৭ হাজার ৩৬৭ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন। এছাড়া ৪ হাজার ৯০২ জন ভোটার ভোটদান সম্পন্ন করেছেন এবং ২ হাজার ৩৯৪ জন ভোটার ভোট প্রদান শেষে পোস্ট অফিস বা ডাক বাক্সে ব্যালট জমা দিয়েছেন।
একই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ৪ লাখ ৫৮ হাজার ৫৯ জন প্রবাসী ভোটার ভোটদান সম্পন্ন করেছেন বলেও জানিয়েছে নির্বাচন কমিশন।
ইসির তথ্যমতে, শনিবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট সংশ্লিষ্ট প্রবাসী গন্তব্যের দেশে পৌঁছেছে। এর মধ্যে ৫ লাখ ১৮ হাজার ৩৪৫ জন প্রবাসী ভোটার ব্যালট গ্রহণ করেছেন।
ভোটদান শেষে ৪ লাখ ১০ হাজার ৯২৮ জন প্রবাসী ভোটার সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে ব্যালট জমা দিয়েছেন। অন্যদিকে, ১ লাখ ৪৪ হাজার ৮৬০টি ব্যালট ইতোমধ্যে বাংলাদেশে পৌঁছেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।