দীর্ঘ ১৪ বছর পর ঢাকা-করাচি রুটে সরাসরি ফ্লাইট পুনরায় শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে এই নন-স্টপ ফ্লাইট পরিচালনা শুরু হবে। আপাতত সপ্তাহে দুই দিন— বৃহস্পতিবার ও শনিবার— এই রুটে ফ্লাইট চলবে। ট্রানজিট ছাড়াই সরাসরি ফ্লাইট চালু হওয়ায় যাত্রার সময় যেমন কমবে, তেমনি যাত্রীদের খরচও কমবে সর্বনিম্ন ৩০ হাজার টাকা পর্যন্ত।
ঢাকা থেকে করাচি ১৪৭১ মাইল পথ যাতায়াতে ব্যবহার হবে ১৬২ সিটের বোয়িং ৭৩৭ মডেলের বিমান। এই রুটে যাত্রা সম্পন্ন হতে সময় লাগবে প্রায় তিন ঘণ্টা।
দীর্ঘদিন পর পাকিস্তানে সরাসরি ফ্লাইট চালু হওয়ায় উচ্ছ্বসিত যাত্রীরা। তাদের মতে, এতে দুই দেশের মানুষের যোগাযোগ বাড়বে এবং ব্যবসা-বাণিজ্য ও পর্যটন খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলবে।
উল্লেখ্য, নিরাপত্তাজনিত কারণে ২০১২ সালে ঢাকা-করাচি ফ্লাইট বন্ধ করা হয়েছিল। নতুন করে সরাসরি ফ্লাইট চালু হওয়ায় রাউন্ড ট্রিপে যাত্রীরা সর্বনিম্ন ৫১ হাজার টাকায় যাতায়াত করতে পারবেন, যা আগের তুলনায় ৩০ থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত কম।