তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) গণভোটের প্রচারে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
আলী রীয়াজ বলেন, চব্বিশে গণতন্ত্রের মুক্তি কারও দানে নয়, আমাদের সন্তানের রক্তের বিনিময়ে এসেছে। তাদের প্রতি দায় থেকেই এই সনদ বাস্তবায়ন করতে হবে। আর বিচার বিভাগ স্বাধীন না হলে সঙ্গত কারণে বিভিন্নভাবে বিচার ব্যবস্থা প্রভাবিত হওয়ার আশঙ্কা থেকে যায়।
তিনি বলেন, রাজনৈতিক দলগুলো আলাপ-আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, একজন ব্যক্তি বাংলাদেশে কেবলমাত্র ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন। এটি জাতীয় ঐক্যমত্য কমিশন চাপিয়ে দেয়নি; বরং ৩০টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে আলোচনার মাধ্যমেই এই সিদ্ধান্তে আসা হয়েছে।
তিনি আরও বলেন, এটি বাস্তবায়ন করতে হলে সংবিধানের প্রয়োজনীয় সংস্কার করতে হবে। আর সংবিধানের সেই সংস্কার নিশ্চিত করতে হলে ‘জুলাই জাতীয় সনদে’ যা আছে, তা গণভোটের মাধ্যমে গ্রহণ করতে হবে। এ ছাড়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার বিষয়েও রাজনৈতিক দলগুলো একমত হয়েছে।