আগামী কয়েক দিনের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে রংপুর বিভাগের কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। পাশাপাশি আগামী পাঁচ দিনে রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে আংশিক মেঘলা আকাশ থাকবে এবং শেষ রাত থেকে সকাল পর্যন্ত কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রধানত অপরিবর্তিত থাকতে পারে।
বুধবার (২৮ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে, তবে রংপুর বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ ছাড়া সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।