সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গণনা একই সময়ে চলবে এবং ফলাফলও একসঙ্গে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এক ব্রিফিংয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ একথা বলেন।
ইসি সচিব বলেন, দেশের ভেতরে যারা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য ইতোমধ্যে নিবন্ধন করেছেন, তাদের ঠিকানায় আজ থেকেই ব্যালট পাঠানো হচ্ছে। এই তালিকায় রয়েছেন- নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং কারাগারে থাকা কয়েদিরা।
ভোট গণনা সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গণনা পৃথকভাবে হলেও দুইটি পাশাপাশি চলবে। তবে পোস্টাল ব্যালটের ক্ষেত্রে সময় কিছুটা বেশি লাগতে পারে।
তিনি ব্যাখ্যা করেন, সাধারণত একটি আসনে প্রতি তিন থেকে সাড়ে তিন হাজার ভোটারের জন্য একটি ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়, যেখানে রিটার্নিং অফিসার ভোট গণনা করেন। কিন্তু পোস্টাল ব্যালটের ক্ষেত্রে জেলাপ্রতি মোট ভোটের হিসাব অনুযায়ী গণনা হয়। কিছু জেলায় একাধিক কেন্দ্র থেকে আসা পোস্টাল ব্যালট একত্রিত করার কারণে গণনায় বেশি সময় লাগে, যা স্বাভাবিক বলেই তিনি উল্লেখ করেছেন।