বিচার ব্যবস্থা আধুনিকায়ন এবং বিচারপ্রার্থী জনগণের দুর্ভোগ লাঘবে প্রচলিত জামিননামা দাখিল পদ্ধতির পরিবর্তে ডিজিটাল মাধ্যমে ই-জামিননামা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে বিচারপ্রার্থী মানুষ, কারা প্রশাসন ও আইনজীবীসহ সংশ্লিষ্ট সবার ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমবে।
বুধবার (২১ জানুয়ারি) সচিবালয়ে দ্বিতীয় ধাপে ভার্চুয়ালি দেশের ৮ জেলায় ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধনকালে এমনটা জানান তিনি।
আইন উপদেষ্টা জানান, প্রচলিত বেইলবন্ড দাখিলের ক্ষেত্রে ১০ থেকে ১২টি ধাপ অতিক্রম করতে হতো। এতে অনেক সময় লাগত, মানুষেরও ভোগান্তি হতো। তবে ই-জামিননামা চালুর ফলে বিচার কার্যক্রমে সময় ও অর্থ সাশ্রয় হবে এবং বিচার ব্যবস্থায় স্বচ্ছতা ও দক্ষতা বাড়বে। পাশাপাশি ভোগান্তি কমবে। সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে এ ব্যবস্থা দ্রুত কার্যকর করার কাজ চলছে বলেও তিনি উল্লেখ করেন।
দ্বিতীয় ধাপে মানিকগঞ্জ, বান্দরবান, মেহেরপুর, জয়পুরহাট, মৌলভীবাজার, পঞ্চগড়, ঝালকাঠি ও শেরপুর জেলায় ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রথম ধাপে নারায়ণগঞ্জ জেলায় এ কার্যক্রম শুরু করা হয়।
আগামী ছয় মাসের মধ্যে সারা দেশে ই-জামিননামা চালু করা হবে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, নির্বাচনের আগে এই ২০-২২ দিনে অন্তর্বর্তী সরকার আরও কয়েকটি জেলার ই-জামিননামা উদ্বোধন করবে। পরবর্তী সরকার এসে এটা বাস্তবায়ন করবে। রাজনৈতিকভাবে সমস্যায় পড়ার মতো সিদ্ধান্ত ছাড়া, পরবর্তী সরকার কোনো কার্যক্রম বন্ধ করবে না।