মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে আহত টেকনাফের ৯ বছর বয়সী শিশু হুজাইফা আফনান মৃত্যুর সঙ্গে লড়াই করছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলেও তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। চিকিৎসকরা বলছেন, পরিস্থিতি অত্যন্ত সংকটাপন্ন। সন্তানকে বাঁচাতে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তার পরিবার।
বুধবার (১৪ জানুয়ারি) ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে অনুষ্ঠিত মেডিকেল বোর্ডের সভা শেষে জানানো হয়েছে, মস্তিষ্কের রক্তনালীতে গুলির আঘাতে হুজাইফার ‘স্ট্রোক’ হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে যে চিকিৎসা চলমান রয়েছে, তার সঙ্গে অতিরিক্ত কিছু ওষুধ যুক্ত করা হয়েছে। বিশেষ করে মস্তিষ্কের চাপ কমানোর জন্য প্রয়োজনীয় ওষুধ দেওয়া হচ্ছে। পাশাপাশি শিশুটিকে এখনো মেকানিক্যাল ভেন্টিলেশনে রাখা হয়েছে, অর্থাৎ কৃত্রিমভাবে তার শ্বাস-প্রশ্বাস চালু রয়েছে।
বর্তমানে তার গ্লাসগো কোমা স্কেল (GCS) অনুযায়ী চেতনার মাত্রা ১৫-এর মধ্যে মাত্র ৭, যা অত্যন্ত আশঙ্কাজনক। এ অবস্থায় শিশুটিকে মেকানিক্যাল ভেন্টিলেশনের মাধ্যমে কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে।
বোর্ড সভা শেষে ইন্টারভেনশনাল নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হুমায়ুন কবীর হিমু বলেন, আপাতত দেশেই হুজাইফার চিকিৎসা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার অবস্থা অনুযায়ী পরবর্তী চিকিৎসা পরিকল্পনা ধাপে ধাপে নির্ধারণ করা হবে।