শীতের দাপটে কাঁপছে সারা দেশ। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এ অবস্থায় দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় শীতের তীব্রতা বেড়েছে। তাপমাত্রা নেমে এসেছে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রাজশাহী, পাবনা, নওগাঁ, সিরাজগঞ্জ, নীলফামারী, কুড়িগ্রাম, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসমূহের উপর দিয়ে মুদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে, যা আগামী কয়েক দিনে আরও বাড়তে পারে। চলতি মাসে দেশে দুইটি থেকে তিনটি মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আভাস দিয়েছে আবওহাওয়া অধিদপ্তর। সেগুলোর মধ্যে একটি বা দুইটি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহে রূপান্তরিত হতে পারে।
দীর্ঘমেয়াদি আবওহাওয়ার পূর্বাভাসে অধিদপ্তর জানিয়েছে, জানুয়ারি মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, তবে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই। জানুয়ারি মাসজুড়ে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে।