বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা ও শ্রদ্ধা জানাতে মানিক মিয়া অ্যাভিনিউসহসহ সংশ্লিষ্ট সব সড়কে নেতাকর্মী ও জনসাধারণের ঢল নেমেছে। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের উপস্থিতি বাড়ছে।
বুধবার (৩১ ডিসেম্বর) সকালে তীব্র শীত উপেক্ষা করে দেশনেত্রীকে শেষবারের মতো বিদায় জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপির নেতাকর্মীরা সকাল থেকেই জানাজা স্থলে উপস্থিত হতে শুরু করেছেন। দুপুর ২টায় মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। অনেকের হাতে দেশের জাতীয় পতাকা ও দলের পতাকা দেখা গেছে, আবার কারও হাতে রয়েছে কালো পতাকা।
জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে একটি বিশেষ অনুরোধ জানানো হয়েছে, কোনো গাড়ি যেন মিরপুর সড়ক ব্যবহার করে মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে না আসে। মানিক মিয়া অ্যাভিনিউয়ের আড়ংয়ের পাশের প্রবেশপথ সাধারণ মানুষের জন্য বন্ধ রাখা হয়েছে। তবে বিকল্প হিসেবে কয়েকটি পথ খুলে দেওয়া হয়েছে। এছাড়া, খামারবাড়ি ও বিজয় সরণি এলাকার সড়কগুলো উন্মুক্ত রাখা হয়েছে, যেসব পথ ব্যবহার করে মানুষ জানাজায় অংশ নিতে পারবেন।