ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়া শেষ দিন আজ (সোমবার)। গত ১১ ডিসেম্বর তপশিল ঘোষণার পর থেকে রোববার (২৯ ডিসেম্বর) দুপুর আড়াইটা পর্যন্ত ২ হাজার ৭৮০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার পর থেকে গতকাল রোববার দুপুর আড়াইটা পর্যন্ত মোট ২ হাজার ৭৮০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে এখন পর্যন্ত মাত্র ৩১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ শেষ দিনে এই সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে, গত ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
১৮ ডিসেম্বর তফসিল সংক্রান্ত সংশোধিত প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন (ইসি)। এতে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময় দু’দিন কমিয়ে আপিল নিষ্পত্তির সময় দু’দিন বৃদ্ধি করেছে ইসি।