আগামী ১০ দিনের ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (২৮ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্ত এখন শেষ পর্যায়ে রয়েছে। তদন্তের স্বার্থে অনেক গোপনীয়তা রক্ষা করা হচ্ছে বিধায় বিস্তারিত তথ্য এখনই প্রকাশ করা সম্ভব হচ্ছে না। এ ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। হত্যাকাণ্ডের নেপথ্যে কারা জড়িত, তা উদ্ঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সমন্বিতভাবে কাজ করছে। ৭ জানুয়ারির মধ্যে আদালতে চূড়ান্ত চার্জশিট জমা দেওয়া হবে।
তিনি আরও বলেন, ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার নিয়ে কোনো প্রকার শিথিলতা দেখানো হবে না। সরকার এই ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করতে সম্পূর্ণ বদ্ধপরিকর। দ্রুততম সময়ের মধ্যে বিচারিক প্রক্রিয়া শেষ করার সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।