মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

সাইবার নিরাপত্তায় বাংলাদেশ-চীন সহযোগিতা বাড়ানোর উদ্যোগ

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ Time View

সাইবার অপরাধ দমন, আইনশৃঙ্খলা রক্ষা ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশ ও চীনের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৈঠকে দুই দেশের নিরাপত্তা সহযোগিতা, সাইবার অপরাধ মোকাবিলা, প্রশিক্ষণ ও প্রযুক্তি বিনিময়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে ইয়াও ওয়েন জানান, গত দুই বছরে বাংলাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শতাধিক সদস্যকে সাইবার অপরাধ, জননিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা, ইমিগ্রেশন ও জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে চীন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশ বাহিনীর সক্ষমতা বাড়াতে বিশেষায়িত সাইবার সিকিউরিটি ইউনিট গঠন এবং থানা থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব স্থাপনের উদ্যোগ চলছে।

এ সময় চীনের সাইবার ল্যাব ও প্রযুক্তিগত সক্ষমতা পরিদর্শনে পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল পাঠানোর কথা জানান মন্ত্রী। প্রতিনিধি দলটি চীনের অভিজ্ঞতা পর্যালোচনা করে বাংলাদেশে আধুনিক ফরেনসিক ল্যাব ও প্রয়োজনীয় সরঞ্জাম স্থাপনের বিষয়ে প্রস্তাব দেবে।

সাক্ষাতে বাংলাদেশে বসবাসরত চীনা নাগরিক, ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানান ইয়াও ওয়েন। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী তাদের নিরাপত্তায় সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে আইজিপি মো. আলী হোসেন ফকির, সিআইডি প্রধান ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com