বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে।
সোমবার (২১ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
অধিদপ্তর জানায়, সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও এর আশপাশে অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে শক্তিশালী হতে পারে।
মঙ্গলবার পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় এবং দেশের অন্যান্য অঞ্চলের কিছু স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। বুধবার থেকে শুক্রবার পর্যন্তও দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকার পাশাপাশি কোথাও কোথাও ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।
এ সময়ে তাপমাত্রায় সামান্য ওঠানামা হতে পারে। তবে আগামী পাঁচ দিন পর দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা ধীরে ধীরে কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।