সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে সংসদ থেকে আনুষ্ঠানিক চিঠি পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। তবে এখন পর্যন্ত সংসদ থেকে এ সংক্রান্ত কোনো চিঠি ইসিতে পৌঁছেনি।
সোমবার (২১ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, জামায়াতে ইসলামী এ বিষয়ে ইসিকে চিঠি দিলেও সংসদ থেকে চিঠি না এলে আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই।
এদিকে দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার মামলায় গাজী নজরুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। এর আগে স্ত্রীর সঙ্গে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে দল থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী। একই সঙ্গে তার সংসদ সদস্য পদ শূন্য ঘোষণার উদ্যোগ নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দেয় দলটি।