কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম হত্যা মামলায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে মামলায় মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিরা হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের মধ্যে দুজন প্রাপ্তবয়স্ক এবং একজন অপ্রাপ্তবয়স্ক হতে পারে। তবে সবার বয়স ও পরিচয় নিশ্চিত করতে জাতীয় পরিচয়পত্র যাচাই করা হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিখোঁজের প্রায় ২৪ ঘণ্টার মধ্যে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। এরপর অল্প সময়ের মধ্যেই সন্দেহভাজনদের গ্রেপ্তার করা হয়েছে। মামলার প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে এবং ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়ার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।
গত শুক্রবার বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন কোটবাড়ীর বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় ১৩ বছর বয়সী অপ্রতিম। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পাশের লালমাই পাহাড়ের সানন্দা এলাকার জঙ্গল থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের পর প্রথমে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরে মামলা হলে তাদের গ্রেপ্তার দেখানো হয়।