বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশিক্ষণ কার্যক্রমকে সমন্বিত কাঠামোর আওতায় এনে অভিন্ন সিলেবাসে প্রশিক্ষণ ও সনদ দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) গভর্নিং বডির তৃতীয় সভায় সভাপতিত্বকালে তিনি এ নির্দেশ দেন।
প্রধানমন্ত্রী বলেন, শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তুলতে প্রশিক্ষণ ব্যবস্থায় সমন্বয় জরুরি। বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয়ের পৃথক প্রশিক্ষণ ও সনদ থাকলেও সমন্বয়ের অভাবে অনেক ক্ষেত্রে সেগুলো কাঙ্ক্ষিত স্বীকৃতি পাচ্ছে না।
তিনি দ্রুত নীতিমালা প্রণয়নের মাধ্যমে সব প্রশিক্ষণ কার্যক্রমকে একটি অভিন্ন কাঠামোয় আনার ওপর গুরুত্ব দেন। আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ ও সনদ চালু করা গেলে দেশের তরুণদের জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে গ্রহণযোগ্যতা বাড়বে বলেও উল্লেখ করেন।
সভায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী, সচিব এবং এনএসডিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।