উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টিও হতে পারে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঢাকা, খুলনা ও বরিশালেও বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। এদিন তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) উত্তরাঞ্চলসহ ময়মনসিংহ ও সিলেটের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকাসহ অন্যান্য বিভাগেও বৃষ্টি হতে পারে। এ সময় তাপমাত্রা কিছুটা কমতে পারে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দেশের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেটের অনেক এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্য এলাকাগুলোতেও বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। এদিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টির সময় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রপাত হতে পারে। সপ্তাহের মাঝামাঝি থেকে দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও সামান্য কমার সম্ভাবনা রয়েছে।