জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে আগামী ২১ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত অবস্থানকালে জাতিসংঘে ভাষণ দেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের সরকারপ্রধান ও বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি।
রোববার (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এসব তথ্য জানান।
তিনি বলেন, জাতিসংঘের মঞ্চে প্রধানমন্ত্রী বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা ও নতুন বাংলাদেশের রূপরেখা তুলে ধরবেন। একই সঙ্গে বিশ্বশান্তি, সংঘাত নিরসন, টেকসই সমাধান, দারিদ্র্য বিমোচন, অর্থনৈতিক উন্নয়ন এবং জলবায়ু নিরাপত্তা ও অর্থায়নে বাংলাদেশের ভূমিকার বিষয়গুলোও গুরুত্ব পেতে পারে।
জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে বিভিন্ন বিশ্বনেতার সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে কার কার সঙ্গে এসব বৈঠক হবে, তা এখনো চূড়ান্ত হয়নি বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, বহুপক্ষীয় সম্মেলনের ক্ষেত্রে এ ধরনের বৈঠক অনেক সময় শেষ মুহূর্তেও নির্ধারিত হয়।