রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কর্মসূচিতে ব্যস্ততার কারণে ফেনীতে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পূর্বনির্ধারিত সফর স্থগিত করা হয়েছে। ১৭ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ১ অক্টোবর ফেনী সফর করবেন তিনি।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সফরের তারিখ পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেন ফেনীর জেলা প্রশাসক মো. মাহবুবউল করিম। তিনি জানান, প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় ব্যস্ততার কারণে পূর্বনির্ধারিত সফরসূচিতে পরিবর্তন আনা হয়েছে।
এদিকে সফরের তারিখ পেছালেও পরশুরাম ও ফুলগাজীতে প্রস্তুতিতে কোনো ভাটা পড়েনি। মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ ও পানি নিষ্কাশন প্রকল্পের উদ্বোধন ঘিরে অনুষ্ঠানস্থল প্রস্তুতের কাজ চলছে। এরই মধ্যে সম্ভাব্য অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছে এসএসএফ।
পাশাপাশি পরশুরাম মডেল সরকারি পাইলট স্কুল মাঠে হেলিপ্যাড নির্মাণ, সড়ক সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজও চলছে। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের তৎপরতা অব্যাহত রয়েছে।
নতুন তারিখ ঘোষণায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ আরও বেড়েছে বলে দাবি করেছেন স্থানীয় সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু। তিনি বলেন, আগামী ১ অক্টোবর ফেনীতে বড় ধরনের জনসমাগম হবে এবং দিনটি একটি ঐতিহাসিক সমাবেশে পরিণত হবে।