দেশের আট বিভাগে আগামী পাঁচ দিন বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। এর মধ্যে রোববার (৬ সেপ্টেম্বর) সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (৫ সেপ্টেম্বর) দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।
সোমবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেটের অনেক জায়গায় এবং চট্টগ্রামের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। মঙ্গলবার ময়মনসিংহ ও সিলেটে বৃষ্টির প্রবণতা বেশি থাকলেও দেশের অন্যান্য বিভাগেও বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে।
বুধবারও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে। এ সময় কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। পাঁচ দিনের পূর্বাভাসে তাপমাত্রা মোটামুটি স্থিতিশীল থাকলেও বুধবার দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, মধ্যপ্রদেশে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে এই বৃষ্টিপাতের প্রবণতা তৈরি হয়েছে।