শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

প্রথমবার নিজ জেলায় রাষ্ট্রপতি, ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ Time View

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুই দিনের সফরে আগামীকাল রোববার (৬ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও পৌঁছাবেন তিনি। রাষ্ট্রপতিকে বরণ করে নিতে জেলাজুড়ে চলছে নানা আয়োজন।

সফরকে ঘিরে শহরের প্রধান সড়ক, আইল্যান্ড ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো সাজানো হয়েছে। পাশাপাশি চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। স্থানীয় সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উদ্যোগে নাগরিক সংবর্ধনার প্রস্তুতিও চলছে।

সফরসূচি অনুযায়ী, রোববার সকাল ১০টায় হেলিকপ্টারে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে ঢাকা ছাড়বেন রাষ্ট্রপতি। বেলা ১১টা ৪০ মিনিটে মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে পৌঁছানোর পর তিনি সার্কিট হাউসে যাবেন। সেখানে গার্ড অব অনার গ্রহণ করবেন।

পরে সেনুয়াপাড়ার পারিবারিক কবরস্থানে বাবা সাবেক মন্ত্রী মরহুম মির্জা রুহুল আমীন ও মা ফাতেমা বেগমের কবর জিয়ারত করবেন রাষ্ট্রপতি। এরপর কালীবাড়ির নিজ বাসভবনে গিয়ে দুপুরের খাবার ও বিশ্রাম শেষে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন।

সফরের দ্বিতীয় দিন সোমবার সদর উপজেলার জামালপুর এলাকায় প্রস্তাবিত ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে তাঁর। পরে সার্কিট হাউস হয়ে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে ঠাকুরগাঁও ছাড়বেন রাষ্ট্রপতি।

এদিকে রাষ্ট্রপতির সফর ঘিরে ঠাকুরগাঁওয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ সুপার মো. বেলাল হোসেন জানিয়েছেন, অনুষ্ঠানস্থল, রাষ্ট্রপতির চলাচলের পথ ও আশপাশের এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com