প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সময়সূচি এখনও নির্ধারিত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে সিলেটের একটি হোটেলে টেলিভিশন সাংবাদিক নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। তবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই। নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে প্রধানমন্ত্রী জাতিসংঘের অধিবেশনে যোগ দেবেন বলেও জানান তিনি।
জাতিসংঘ সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে বলেও উল্লেখ করেন হুমায়ুন কবির।
মক্কা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়ার বিষয়ে তিনি বলেন, জাতীয় স্বার্থ বিবেচনায় প্রয়োজন অনুযায়ী আন্তর্জাতিক বিভিন্ন উদ্যোগে অংশ নেবে বাংলাদেশ। এদিকে দেশের চাহিদা থাকায় যুক্তরাষ্ট্র থেকে বোয়িং উড়োজাহাজ কেনা হচ্ছে জানিয়ে তিনি বলেন, প্রয়োজন হলে ভবিষ্যতে আরও উড়োজাহাজ কেনা হবে।