সীমান্তে চোরাচালান, মাদক ও মানবপাচার, পুশ ইন এবং সীমান্ত হত্যা বন্ধে আরও কার্যকর পদক্ষেপ নিতে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (৩১ আগস্ট) দুপুরে বঙ্গভবনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আহ্বান জানান তিনি।
সাক্ষাতে বিজিবি মহাপরিচালক রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় তাকে অভিনন্দন জানান। এ সময় তিনি বাহিনীর সার্বিক কার্যক্রম এবং সীমান্তে নজরদারি জোরদারে ড্রোনসহ অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
রাষ্ট্রপতি সীমান্ত সুরক্ষায় বিজিবির ভূমিকার গুরুত্ব তুলে ধরে প্রযুক্তিনির্ভর নজরদারি বাড়ানোর উদ্যোগের প্রশংসা করেন। একই সঙ্গে এ বিষয়ে বিজিবিকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।