মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৮ Time View

স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, ভোট আয়োজন নিয়ে কমিশনের অঙ্গীকারে কোনো ঘাটতি নেই। তবে নির্বাচনের নির্দিষ্ট তারিখ এখনই ঘোষণা করা সম্ভব নয়। তিনি আশ্বস্ত করেছেন, স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না।

সোমবার (২৪ আগস্ট) আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি। ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকটোরাল সিস্টেম (আইএফইএস) আয়োজিত অনুষ্ঠানে তিনি বক্তব্য দেন।

সিইসি বলেন, জাতীয় নির্বাচনে যে মানদণ্ড তৈরি হয়েছে, স্থানীয় সরকার নির্বাচনেও তা বজায় রাখা হবে। সম্ভব হলে আগের চেয়েও ভালো নির্বাচন আয়োজনের চেষ্টা থাকবে।

তিনি জানান, নির্বাচনের সময় নির্ধারণের আগে আইন ও বিধি সংশোধনসহ বেশ কিছু বিষয় নিষ্পত্তি করতে হবে। কমিশনের প্রস্তুত করা সংশোধনী মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে। এসব প্রক্রিয়া শেষ হলে নির্বাচন আয়োজনের পরবর্তী কার্যক্রম শুরু হবে।

নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ করবে কমিশন। সিইসি বলেন, জাতীয় নির্বাচনের তুলনায় স্থানীয় সরকার নির্বাচনে সহিংসতার প্রবণতা কিছুটা বেশি থাকে। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সে অনুযায়ী প্রস্তুত রাখার উদ্যোগ নেওয়া হচ্ছে।

এরই মধ্যে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) সঙ্গে বৈঠক হয়েছে জানিয়ে তিনি বলেন, নির্বাচনের সময় প্রয়োজনীয় পুলিশ সদস্য মোতায়েন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। মাঠ পর্যায়ে পুলিশের বিদ্যমান মনিটরিং ব্যবস্থাও নির্বাচনে কাজে লাগানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

ভোটের সময় নির্ধারণে দুর্গাপূজা, বর্ষাকাল, সম্ভাব্য বন্যা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক পরীক্ষার সময়সূচিও বিবেচনায় নেওয়া হবে বলে জানান সিইসি।

এদিকে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন প্রসঙ্গে এএমএম নাসির উদ্দিন বলেন, আইন অনুযায়ী ৯০ দিনের মধ্যে এ নির্বাচন আয়োজন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যেই ভোট সম্পন্ন করতে কমিশন কাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com