পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে শুরু হচ্ছে ১৫ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা।
মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ মাগরিব মসজিদের পূর্ব সাহানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ইসলামিক ফাউন্ডেশন ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই অনুষ্ঠানমালা। প্রতিদিন বাদ মাগরিব থেকে রাত ১০টা পর্যন্ত বায়তুল মোকাররমের পূর্ব সাহানে দেশের বিশিষ্ট ওলামায়ে কেরাম ও পীর-মাশায়েখদের ওয়াজ ও নসিহত অনুষ্ঠিত হবে।
সিরাতুন্নবী (সা.) উপলক্ষে ওয়াজ-মাহফিলের পাশাপাশি কিরাত, হামদ-নাত, বিষয়ভিত্তিক সেমিনার, স্বরচিত কবিতা পাঠ ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন থাকছে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদরাসার শিক্ষার্থীদের জন্যও থাকছে বিশেষ সাংস্কৃতিক প্রতিযোগিতা। পাশাপাশি অনুষ্ঠিত হবে ইসলামী ক্যালিগ্রাফি প্রদর্শনী।
এ ছাড়া বায়তুল মোকাররমের পূর্ব ও দক্ষিণ চত্বরে মাসব্যাপী ইসলামী বইমেলার আয়োজন করা হয়েছে। বিশেষ সিরাত স্মরণিকা ও ক্রোড়পত্রও প্রকাশ করা হবে।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও শিক্ষা মানুষের কাছে তুলে ধরাই এসব আয়োজনের মূল উদ্দেশ্য। ধর্মপ্রাণ মুসল্লিদের অনুষ্ঠান ও বইমেলায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে আয়োজকরা।