জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। সফরটি হলে প্রায় দুই দশক পর যুক্তরাষ্ট্রে যাবেন তিনি। সরকারপ্রধান হিসেবে এবারই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে তাঁর।
সফর সামনে রেখে প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রস্তুতি নিচ্ছেন। নিউইয়র্কে জাতিসংঘের মূল কর্মসূচির পাশাপাশি অধিবেশনের সাইডলাইনে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। পরে ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকোতেও দুই দিনের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। সব মিলিয়ে সফরটি প্রায় আট থেকে ১০ দিনের হতে পারে।
এবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ফলে একই অধিবেশনে বাংলাদেশের সরকারপ্রধান ও সাধারণ পরিষদের সভাপতি—দুই গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশিদের উপস্থিতি আন্তর্জাতিক অঙ্গনে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
দীর্ঘদিন পর তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর ঘিরে দেশটিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসী ও বিএনপির নেতাকর্মীদের মধ্যেও উৎসাহ দেখা দিয়েছে। তাঁকে স্বাগত জানাতে নিউইয়র্কে নাগরিক সংবর্ধনাসহ বিভিন্ন কর্মসূচির প্রস্তুতি চলছে।
এর আগে, ২০০৬ সালে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের সময় যুক্তরাষ্ট্র সফর করেছিলেন তারেক রহমান। প্রধানমন্ত্রী হওয়ার পর চলতি বছরের জুনে প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া ও চীন যান তিনি। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার আগে আপাতত আর কোনো দেশ সফরের পরিকল্পনা নেই তাঁর।