উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে সরে বর্তমানে ভারতের ঝাড়খণ্ড ও আশপাশের এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্য বিরাজ করছে। এতে সমুদ্র ও উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া সৃষ্টি হতে পারে।
এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সতর্কতার সঙ্গে উপকূলের কাছাকাছি চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।