ভারতের ব্যাঙ্গালুরু আন্তর্জাতিক শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের (BISFF) ১৬তম আসরে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’। আদনান আল রাজীব পরিচালিত চলচ্চিত্রটি উৎসবের ‘এশিয়ান আই কম্পিটিশন’ বিভাগে এই সম্মান অর্জন করেছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ‘আলী’র প্রযোজক তানভীর হোসেন। তিনি জানান, ‘এশিয়ান আই কম্পিটিশন’ বিভাগে বিজয়ী হয়েছে চলচ্চিত্রটি। একই সঙ্গে উৎসবের আয়োজক, জুরি বোর্ডের সদস্য এবং ‘আলী’ টিমের সদস্যদের পাশাপাশি দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
উপকূলীয় অঞ্চলের সমাজে প্রচলিত লিঙ্গবৈষম্য ও সাংস্কৃতিক নিষেধাজ্ঞাকে গল্পের কেন্দ্রে রেখে নির্মিত হয়েছে ‘আলী’। সংগীতের জগতে নিজের পরিচয় তৈরি করতে চাওয়া এক কিশোরের স্বপ্ন ও সংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে এতে।
এর আগে ২০২৫ সালে কান চলচ্চিত্র উৎসবের শর্ট ফিল্ম বিভাগে স্পেশাল মেনশন অর্জন করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় আসে ‘আলী’। এবার ব্যাঙ্গালুরু আন্তর্জাতিক শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে সেরা হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্রের জন্য আরও একটি উল্লেখযোগ্য অর্জন যুক্ত হলো।